জাহাজে ইমাম বুখারী (রহ.)র ঘটনা :

কারো কাছে নিজের গোপন কথা প্রকাশ করো না! জাহাজে ইমাম বুখারী (রহ.)র ঘটনা :
একবার ইমাম বুখারী (রহ.) জ্ঞান অন্বেষণে সমুদ্রপথে সফর করছিলেন। তাঁর সঙ্গে ছিল এক হাজার দিনার (স্বর্ণমুদ্রা)। জাহাজে এক ব্যক্তি তাঁর সঙ্গে পরিচিত হয়ে ভালোবাসা ও গভীর আগ্রহ প্রকাশ করল। ইমাম বুখারী (রহ.) তার ভক্তি দেখে তার প্রতি ঝুঁকে পড়লেন এবং কথায় কথায় নিজের কাছে থাকা দিনারের কথাটাও তাকে বললেন।

পরেরদিন সেই ব্যক্তি ঘুম থেকে উঠে হঠাৎ কাঁদতে লাগল, নিজের কাপড় ছিঁড়তে লাগল এবং মুখে আঘাত করতে লাগল।

তার এই অবস্থা দেখে লোকজন কারণ জিজ্ঞেস করলে সে বলল:

"আমার কাছে এক হাজার দিনার ভর্তি একটি থলি ছিল, ওটা খুঁজে পাচ্ছি না।"

জাহাজের লোকেরা তখন একে একে সব যাত্রীকে তল্লাশি করতে শুরু করল।

যখন ইমাম বুখারী (রহ.) এই চক্রান্ত বুঝতে পারলেন, তখন কাউকে না জানিয়ে গোপনে দিনারের থলিটি বের করে সমুদ্রে ফেলে দিলেন।

এরপর তাঁর পালা এলো। তাঁকেও তল্লাশি করা হলো।

কিন্তু তাঁর কাছে কিছুই পাওয়া গেল না।

পরে যখন সবাই গন্তব্যস্থলে পৌঁছে নেমে পড়ল, তখন সেই লোকটি এসে ইমাম বুখারীকে জিজ্ঞেস করল: "দিনারের থলিটি আপনি কী করলেন?!"

তিনি বললেন: "আমি সেটা সমুদ্রে ফেলে দিয়েছি।"

লোকটি বলল: "এত বড় সম্পদের ক্ষতির ওপর কীভাবে আপনি ধৈর্য ধরলেন?"

তখন ইমাম বুখারী (রহিমাহুল্লাহ) বললেন: " তুমি কি জানো! আমি আমার পুরো জীবন নবীজীর হাদিস সংগ্রহে ব্যয় করেছি, মানুষ আমার সততা চিনেছে, আমার ওপর আস্থা রেখেছে। তাহলে আমি কিভাবে কিছু তুচ্ছ দিনারের জন্য নিজেকে সন্দেহের মুখে ফেলতে পারি?"

[সীরাতুল ইমাম বুখারী (রহ.), ইমাম আব্দুস সালাম মুবারকপুরী (১২২/১)]

Comments